দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (এফআইআপ নং-৪, জিআর নং-২৬৭) তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই বছরের ১৯ জানুয়ারি দায়ের করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় (এফআইআর নং-১৪, জিআর নং-১৪) সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় দায়ের করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় (এফআইআর নং-৭, জিআর নং-১৬২) তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমজে